বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে নির্বাচনি ভোজ দেওয়ার কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত সোমবার পাঁচটি গরু ও একটি ছাগল জবাই করে নির্বাচনি ভোজের আয়োজন করেন তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রার্থীকে দুদিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে বলেছেন।
বাবুর্চি আনসার আলী জানান, ১৮ মণ চালের ভাত ও ১৫ মণ আলু দিয়ে তরকারি রান্না হয়। পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে ছয় হাজার নেতাকর্মী ও সমর্থকদের জন্য খাওয়ার আয়োজন করা হয়। মাদ্রাসায় এ আয়োজন করায় ওই দিন ক্লাস হয়নি।
তবে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছিলেন, এটা ‘নির্বাচনি ভোজ’ নয়, ৫০ থেকে ৬০ জন মুরুব্বির জন্য দুপুরে সামান্য খাবারের আয়োজন করা হয়েছিল।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী জানান, ভোটের আগে ‘ভোজ’ বা ‘শোডাউন’ না করতে ফারুককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সে নির্দেশ অমান্য করে এমন কাজ করেছে। এতে ভোটের উপকার হবার চেয়ে ক্ষতির সম্ভবনা বেশি দেখা যাচ্ছে।
শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বিকালে শোকজের চিঠি হাতে পেয়েছেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
/এনএস/








