প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের গড়ে তুলতে মায়েদের কোনও বিকল্প নেই। এ জন্য মায়েদের এগিয়ে এসে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শতভাগ ভর্তি, শিক্ষার গুনগত মান ও প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে নতুন করে ১ কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তি দিতে যাচ্ছে। বর্তমানে প্রাথমিক শিক্ষা খাতে ৩২ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। সেই বাজেটের অর্থ দিয়ে শহর থেকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো হবে।
মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে এ জন্য শিক্ষক-অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা এমপি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশনের পরিচালক আনোয়ারুল হক, যুগ্ন সচিব আতাহার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম।
আরও পড়ুন:
বিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৬
/বিটি/







