চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ মিশুকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে ও আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী শেরিনা বেগম (৩৫), তার ছেলে ইমন (১০) এবং একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাওয়ার সময় পাইলিং মোড়ে একটি খালি ট্রাক একটি যাত্রীবাহী মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম নিহত হন। এ সময় ইমন, রনি, জাকেরা বেগম, এজাবুল, মোয়াজ্জেমসহ অজ্ঞাত আরও দুইজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইমন ও জাকেরা বেগম। আহত অপর দুইজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে শেরিনা বেগমের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
বাবুল আক্তার জড়িত কিনা সে প্রসঙ্গ এখনও আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিভাগীয় প্রধানের ছেলেকে আটক, পুলিশের অস্বীকার
/বিটি/








