বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও গাবতলীর সোনারায় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক গত শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যার কারণ, খুনিদের নাম ও রাজনৈতিক পরিচয়সহ সবকিছু প্রকাশ করলেও পুলিশ তদন্তের স্বার্থে তা বলছে না।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলীর তাতুরা পূর্বপাড়ার জাহাঙ্গীর আলম ও একই উপজেলার আটবাড়িয়া গ্রামের তারাজুলের গাড়িচালক হেলাল উদ্দিন।
তদন্তকারী কর্মকর্তা জানান, এ হত্যাকাণ্ডের সবকিছু জানা গেছে। এখন তদন্তের স্বার্থে কোনও কিছু প্রকাশ করা সম্ভব নয়। অন্য ঘাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে। এটি পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত হত্যাকাণ্ড।
গাবতলী থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম গত ৮ জুলাই গভীর রাতে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ২৩ জুলাই রাতে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত ১২ জুলাই স্ত্রী আরজুমান্দ বানু শাপলা বাদী হয়ে গাবতলী থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে জাহাঙ্গীর আলম ও হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ হত্যার দায় স্বীকার করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: সিরাজদিখানে শিক্ষকদের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
/এআর/টিএন/






