রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। বুধবার ভোর ৫টায় ও বেলা সাড়ে ১১টায় এ দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
নিহত ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমান্তপুর এলাকার মৃত আবদুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম (৬০), একই এলাকার ইসরাইলের স্ত্রী মাবিয়া বেগম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুন (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে আনোয়ারা বেগম ও মাবিয়া বেগমসহ কয়েকজন নারী গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে মহাসড়কের ধার দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম নিহত হন। পরে স্থানীয়রা মাবিয়া বেগমকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলেয়া খাতুন (১৮) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ১৫ জন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
বেলা ১১টার দিকে সাহাব্দিপুর এলাকায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন গোদাগাড়ী ট্রাফিক অফিসের সার্জেন্ট ও তার সহকারীরা। এসময় অপর একটি ট্রাক দ্রুত পালাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, নিহত তিন নারীর মৃতদেহ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর সাহাব্দিপুরের দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় আলাদা আলাদা মামলা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন : ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ








