রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার জামায়াত-শিবিরের কর্মীরা হলেন নগরীর বালিয়াপুকুর এলাকার মনিরুজ্জামান (৬৪), পঞ্চগড় জেলার সদর উপজেলার ঝিটকিখুড়া গ্রামের নূর আলম (২১) ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ডোহরজানি গ্রামের হাফিজুর রহমান (২৩)।
তিনি আরও জানান, অভিযানে ৪২ পিস ইয়াবা, ২৬ পিস প্যাথেডিন, ১৫ গ্রাম হেরোইন, ৬ বোতল ফেনসিডিল ও ৩০ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে।
রাতভর অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ১৩ জন, শাহমখদুম থানা পাঁচজন ও ডিবি পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী ও তিনজন জামায়াত-শিবিরের কর্মী রয়েছেন।
আরও পড়ুন:
স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
/বিটি/








