রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তারা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এরপর বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ক্যাম্পাসের স্কুলগুলো, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
জেলায় জেলায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
/বিটি/








