দিনাজপুরের বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা জিরা, বিটলবণ ও চিনি জব্দ করেছে টাস্কফোর্স।
শনিবার দুপুরে পুলিশ, বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসময় সেখানে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এম আশরাফ আলী, হিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফেরদৌস আহম্মেদ, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এম আশরাফ আলী জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে চিনি, বিটলবণ ও জিরা দেশে আনা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শনিবার ভোররাত থেকে হিলি বাজারে অবস্থান নেয়। পরে দুপুরে টাস্কফোর্স গঠন করে হিলি বাজারের ৩টি দোকান থেকে মালিকবিহীন অবস্থায় ৭ বস্তা (৩৫০ কেজি প্যাকেট) জিরা, চিনি ৪৫ বস্তা (২২৫০ কেজি) এবং বিটলবণ ১৭৫ বস্তা (৫৭৭৫ কেজি) জব্দ করা হয়।
এসবের সিজার মুল্য প্রায় ৬১ লাখ টাকা বলে জানান তিনি।
/এবি /








