রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট, তবে দাম বেশি

রাজশাহী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৪১

ঈদুল আজহা যতোই ঘনিয়ে আসছে রাজশাহীর পশুহাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততোই বাড়ছে। তবে এবার হাটগুলোতে দেশীয় পশুর আমদানির পাশাপাশি তুলনামূলকভাবে দামও বেশি। রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট, তবে দাম বেশি

রাজশাহী প্রাণি সম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী,  জেলায় ৩ লাখ ২৩ হাজার ৬৮৪টি পশু আছে। এদের মধ্যে গরুর সংখ্যা ৫৪ হাজার, ছাগলের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৫০টি, মহিষ ১ হাজার ২৩৪টি ও ভেড়া ১৪ হাজার। জেলায় কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৫৩ হাজার মতো। চাহিদার চেয়ে আরও বেশিসংখ্যক পশু জেলায় মজুদ আছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সীমান্ত থেকে আনা ভারতীয় গরু।

জানা গেছে, রাজশাহীর শহরে সিটি হাটসহ তানোরের মুণ্ডুমালা ও চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুহাটেই এবার দেশি পশুর আধিক্য। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। তবে মাঝে মাঝে বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। তারপরেও বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে পশুহাটগুলো।

হাটগুলোতে ছোট আকারের গরুর দাম হাঁকানো হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা, মাঝারি সাইজের গরু ৫০ থেকে ৭৫ হাজার টাকা, বড় সাইজের গরু ৮০ হাজার টাকা থেকে দেড় লাখ পর্যন্ত। হাটগুলোতে গরুর পাশাপাশি ছাগলের দামও চড়া। ছোট সাইজের ছাগল ৮ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের ছাগল ১২ থেকে ২০ হাজার টাকা ও বড় সাইজের ছাগল ২২ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

দাম বেশি হওয়ার কারণে বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতারা গরু বা ছাগল ক্রয় করতে গিয়ে বাজেটের সঙ্গে তাল মিলাতে পারছেন না। এমনি একজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া এলাকার আবদুল জব্বার। তিনি জানান, প্রত্যেক কোরবানি ঈদে তারা ৫ জন মিলে একটি করে গরু ক্রয় করেন। প্রায় তিন মণ ওজনের একটি গরু কিনতে তাদের ৪০ থেকে ৪২ হাজার টাকা লাগে। কিন্তু এবার ৫৫ হাজার টাকাতেও হাটে ওই ধরনের গরু পাওয়া যাচ্ছে না।

গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার বাবর মিয়া রাজশাহীর সিটি হাট থেকে গরু ক্রয় করে ঢাকার গাবতলী পশুহাটে নিয়ে যান। তার অভিযোগ, গত কয়েক বছর দেশি গরুর এতো বেশি দাম ছিল না। তবে ভারত থেকে তেমন গরু আমদানি না হওয়ায় দেশীয় গরুর মালিকরা সুযোগ-বুঝে দাম একটু বেশি করে হাঁকছেন। রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট, তবে দাম বেশি

রবিবার রাজশাহী সিটি হাটে পাইকারি গরু ক্রয় করতে আসা ঢাকার ব্যবসায়ী জমশেদ আলী জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় ভারতীয় গরু হাটে আমদানি কম। দেশি গরুর আমদানি  বেশি হলেও দাম চড়া। তার মতে, গত বছরের তুলনায় এবার গরু প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

রাজশাহী জেলায় সবচেয়ে বড় পশুর বেচাবেক্রির জায়গা সিটি হাট। এই হাটের ইজারাদার আতিকুর রহমান কালু জানিয়েছেন, ভারত থেকে গরু না আসলেও এবার সমস্যা হবে না কোরবানির বাজারের। এ অঞ্চলের খামারিদের কাছে যে পরিমাণ গরু আছে, তাতেই মিটবে চাহিদা। তবে গরুর দাম একটু চড়া।

তিনি আরও জানান, কোরবানি ঈদ ঘনিয়ে আসায় এখন প্রতিদিনই গরু উঠছে হাটে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে হাটে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রেতারাও ভিড় করছেন হাটে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে পা ফেলার জায়গা নেই হাটে। পাইকারও আসছেন দেশের বিভিন্ন জেলা থেকে। ভারতীয় গরু না আসায় এবার গরুর ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান বলেন, বিগত সময়ে গরু আনা-নেওয়ার ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ছিল না। শুল্ক আদায়ে ছিল না কোনও শৃঙ্খলা। এখন গরু-মহিষ পারাপারের জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ১১টি বিট বা খাটালগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরপরও পশু আমদানি কমে যায়নি।

তিনি আরও জানান, রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় গবাদিপশু থেকে ২০১৫ সালে শুল্ক আদায় হয়েছিল ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা। চলতি বছরের আগস্টের ১০ তারিখ পর্যন্ত সেই শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা। যা প্রায় গত বছরের তুলনায় তিনগুণের বেশি।

তবে ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাটগুলোয় কেউ যেন প্রতারিত না হয় সেজন্য আইনশৃঙ্খলাবাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। এব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আর বেশ কিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা ও ডিবি পুলিশের সদস্যরা পুরোহাটে সজাগ দৃষ্টি রেখেছে।

/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম