রাজশাহীর তানোর উপজেলার একটি স্কুল থেকে চুরি হওয়া ১৬টি ল্যাপটপসহ ১০জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম।
গত ১২ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রায় শতাধিক স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ২৬ জুলাই রাতে তানোরের নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের এই ল্যাব থেকে এসব ল্যাপটপ চুরি হয়।
গ্রেফতারকৃতরা হলো, নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়েরই দশম শ্রেণির ছাত্র ফিরোজ কবির ওরফে সাগর (১৫), তানোর কলেজের ছাত্র রায়হান কবির (২০) ও মিনহাজুল আবেদীন ওরফে পলাশ (২১), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান (১৬), একই উপজেলার বড়াই কলেজের ছাত্র মুমিন (২০) ও রাজু আলী (২১), শিবগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র রুমন (২৩) ও ইব্রাহিম (২১), চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র মোশারফ হোসেন (২১) এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক ওরফে শুভ (১৭)।
ওসি মির্জা আবদুস সালাম জানান, তানোর উপজেলার বিলশহর গ্রামের বাসিন্দা ও নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফিরোজ কবির ওরফে সাগর নিজের স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপ চুরির পরিকল্পনা করে। এজন্য সে সাবানের ওপর স্কুল ল্যাবের তালার চাবির একটি ছাপ নেয়। এরপর সে তার গ্রামের ইয়াসিন আলী নামে এক ছাত্রকে বিষয়টি জানায়। ইয়াসিন রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় পড়াশোনা করে। পরে ইয়াসিন, সাগর, রায়হান ও পলাশ ওই চাবির ছাপ দেখিয়ে তানোর উপজেলা সদরে ময়না নামে এক তালা-চাবির করিগরকে দিয়ে নকল একটি চাবি তৈরি করে।
ওসি জানান, পরিকল্পনা মোতাবেক ইয়াসিন, রায়হান ও পলাশ গত ২৬ জুলাই দিবাগত রাতে ওই স্কুলের কম্পিউটার ল্যাবের তালা খুলে ১৬টি ল্যাপটপ চুরি করে। ঘটনার সময় স্কুলের নৈশ্যপ্রহরী অন্য একটি শ্রেণিকক্ষে ঘুমিয়ে ছিলেন।
ওসি আরও জানান, পরদিন সকালে তারা ল্যাপটপগুলো শিবগঞ্জ উপজেলার বড়বাড়ী মহাজনপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে আতিকুর রহমান ওরফে শাওনের কাছে বিক্রি করে দেয়। এরপর শাওন ল্যাপটপগুলো ইব্রাহিম, রাজু, শুভ, মমিন ও রুমনের কাছে বিক্রি করে।
এ ঘটনায় থানায় মামলা হলে স্কুলের নৈশ্যপ্রহরী জাহাঙ্গীর আলম ও পিয়ন রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তিন দিন করে রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু তারা পুলিশকে কোনও তথ্য দিতে পারেনি। পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে ঘটনার এক মাস ১৩ দিন পর ল্যাপটপগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি।
/এএ/








