নওগাঁর মান্দায় অনুমোদনহীন একটি ক্লিনিকে সিজারিয়ানের সময় অপারেশন থিয়েটারে নার্গিস আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ক্লিনিকের সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীনকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনরা জানান, সিজারিয়ানের জন্য রবিবার বিকালে নার্গিসকে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। কিছু বুঝে ওঠার আগেই কর্তব্যরত চিকিৎসক ও তার দুই সহযোগীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম সটকে পড়েন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আটক সেবিকা ও আয়াকে হেফাজতে নেওয়াসহ নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার
/এআর/








