রাজশাহীর বাগমারায় ১৬টি ইউনিয়নে স্থগিতকৃত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ অক্টোবর উপজেলার ১৬টি ইউনিয়নে একযোগে নতুন তফসিলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নির্বাচন কমিশন থেকে পাঠানো ফ্যাক্সবার্তা বাগমারা উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে বলে সোমবার নিশ্চিত করেছেন বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ মে চতুর্থ ধাপে বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী সব প্রস্ততি শেষে নির্বাচনের দুই দিন আগে ৫ মে অনিয়ম ও সহিংসতার আশঙ্কায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন। দীর্ঘ ৪ মাস পর নির্বাচন কমিশনের আদেশক্রমে উপজেলা নির্বাচন অফিস উপজেলার ১৬টি ইউনিয়নে পুনরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সময়সূচি নির্ধারণ করে গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন।
উপজেলা নির্বাচন অফিস নতুন তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীদের উপজেলা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়পত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন বলে গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন।
সেই অনুযায়ী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ছুটির দিনসহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর। এছাড়া ৭ অক্টোবর মনোনয়ন বাছাই, ১৪ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
/এআর/







