নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলার ১৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালত এই আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়,গত ৪ আগস্ট ভোরে সিংড়ার বড়গ্রামের মোজাফ্ফর হোসেনকে (মোজাই ডাকাত) গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় নিহতের সহোদর হাসেম আলীকে পা কেটে ফেলা অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। নিহতের অপর ভাই মহসিনকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন (৫ আগস্ট) নিহত মোজাই ডাকাতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নামে এবং আরও ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকলেও মঙ্গলবার ১৫ আসামি নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
/এআর/







