নাটোরের হালসায় দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দোকানের সিন্দুকসহ বেশ কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে টাঙ্গাইলের কালিহাতি গ্রামের সন্দিপ কুমার করের ছেলে দিলিপ কুমার কর (৩৫), পাবনার তাড়াশ উপজেলার নাদোর সৈয়দপুর গ্রামের খবির সরদারের ছেলে সালাম হোসেন (৩৭), জেলার লালপুর উপজেলার আমীনপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফরেন আলী (৪২) এবং সিংড়া উপজেলার চৌগ্রামের জসির ছেলে মজিবুর রহমান (৪০)।
ওসি জানান, বুধবার রাতে নাটোর সদর উপজেলার হালসা বাজারে মৌসুমী এবং জবেদা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ মোট ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এসময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে এলে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায় ডাকাতদল।
এঘটনায় মৌসুমী জুয়েলার্সের মালিক মজিদ শাহ ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলায় ও বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
/এইচকে/
পড়ুন: জঙ্গিদের বোমা-গ্রেনেডের উৎস যেখানে








