চাল বিতরণে অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে দায়েরকৃত মামলায় চেয়ারম্যান পলাতক রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আটাপুর ইউনিয়নে বিতরণ করা চাল বিক্রির সময় পুলিশ দুজন সুবিধাভোগী সহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ মণ চালও উদ্ধার করেছে বলে জানায় ।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন আল ফারুক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় আঁওলায় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা হয়। মামলায় আব্দুল খালেককে গ্রেফতার করা হলেও চেয়ারম্যান পলাতক রয়েছে। তদন্তের পর এ ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে পাঁচবিবির আটাপুর ইউনিয়নে ১০ টাকার চাল সংগ্রহ করে বিতরণ কেন্দ্রের পাশেই বিক্রি করার সময় পুলিশ চারজনকে আটক করেছে বলেও জানা গেছে। তারা হলেন আটাপুর গ্রামের চাল বিক্রেতা আমিনুল ইসলাম ও আমেনা বেগম এবং একই গ্রামের চাল ব্যবসায়ী জুয়েল হোসেন ও সোহেল।
/এইচকে/








