রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ কর্মীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে তানোর ও বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তানোর উপজেলার ভদরখ গ্রামের যুবলীগ কর্মী ওসমান গণি (২৫) ও দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের সাবদুল আলী (৫৬)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, শনিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওসমান গণি। পথে মোটরসাইকেলটি উপজেলার আমশো নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাইসাইকেলে করে বাগমারার হাটে পান বিক্রি করতে যাচ্ছিলেন সাবদুল আলী। পথে বসু বোয়ালিয়া এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবদুল আলীর মৃত্যু হয়।
/এমডিপি/







