রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সির ফেসবুক আইডি হ্যাক করে স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে আইডিটি বন্ধ করে দেওয়া হয়। তবে এ নিয়ে রাজশাহী জেলা পুলিশ ও স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
সকাল ৮টার দিকে ‘ওসি গোদাগাড়ী’ নামের ওই ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আপলোড করে তাতে কুরুচিপূর্ণ লেখা পোস্ট দেওয়া হয়েছে। এর কয়েক মিনিট পরই জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ছবি আপলোড করে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করা হয়েছে।
ওসির ফেসবুক আইডিতে এ ধরনের লেখা দেখে অনেকেই বিস্মিত হন। ছবিগুলোতে যারা মন্তব্য করেন তাদের প্রায় সবাই মনে করেছেন এই আইডি হ্যাক করে এসব অশ্লীল লেখা পোস্ট করা হয়েছে।
এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, তিনি এ থানায় যোগ দেওয়ার পর তার সরকারি মোবাইলের নম্বর দিয়ে তিনি ফেসবুক আইডিটি খুলেছিলেন। সোমবার রাতেও তিনি ফেসবুক ব্যবহার করেন। মঙ্গলবার সকালে তার ফেসবুক আইডিতে এসব অশ্লীল পোস্ট দেখে অনেকেই তাকে ফোন করতে শুরু করেন। তখন তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ফেসবুকে ঢোকার চেষ্টা করেও আর পারেননি।
ওসি আরও জানান, ‘আইডিটি মোবাইল নম্বর দিয়ে খোলা হলেও হ্যাকার আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে সেটি ই-মেইল আইডিতে হস্তান্তর করে নেয়। ওই ই-মেইলের প্রথম ডিজিট ‘সি’ এবং শেষ ডিজিট ‘৭’। আমি বহু চেষ্টা করেও আইডির পাসওয়ার্ড উদ্ধার করতে না পেরে বিষয়টি জেলার পুলিশ সুপারকে জানাই। পরে সকাল ১০টার পর আইডিটি বন্ধ করে দেওয়া হয়।’
রাজশাহী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ জানান, ‘বিভিন্ন থানার নামে ওসিদের ফেসবুক আইডি খুলে পুলিশ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সকালে গোদাগাড়ীর ওসির ফেসবুক আইডিতে এমন পোস্ট দেখে সবাই বিস্মিত হন।এ নিয়ে জেলা পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, গোদাগাড়ীর ওসি তাকে বিষয়টি জানানোর পর তিনি পুলিশ সদর দফতরকে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করা হয়। এরপরই সকাল ১০টার দিকে ফেসবুক কর্তৃপক্ষ আইডিটি বন্ধ করে দেয়।
এসপি বলেন, ‘সরকার বিরোধী কোনও মহল কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন-
/এফএস/








