রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্দোলনে একাত্ত্বতা প্রকাশ করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ।
এসময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাইনা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানলাভ করতে এসে কোনও শিক্ষার্থী লাশ হয়ে বাড়ি ফিরুক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের হলের মতো নিরাপদ স্থান থেকে কীভাবে একজন শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়? আমরা প্রকৃতপক্ষে নিরাপদ ক্যাম্পাস চাই।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল বলেন, আমরা বিচার না পাওয়া পর্যন্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন করবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। এছাড়া আগামীকাল রবিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা ১০ টায়, টুকিটাকি চত্ত্বরে ১১ টায় ও প্যারিস রোডে ১২ টায় পথনাটকের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, গণযোগাযোগ বিভাগের পক্ষ থেকে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তাই আমরা কোনও কঠোর আন্দোলনে যাচ্ছি না। আল্টিমেটাম শেষে হবে ৩১ অক্টোবর। তারপর যদি তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো।
প্রসঙ্গত, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
/এমডিপি/








