গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন পেয়েছেন ২০১৪ সালের ও একজন পেয়েছেন ২০১৫ সালের ইউজিসি অ্যাওয়ার্ড।
বুধবার বিকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউজিসি আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের হাতে এই পুরস্কার তুলে দেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির গানে ঋতুরাগ’ শীর্ষক প্রবন্ধের জন্য সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়, ‘উইমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন ইন বাংলাদেশ: রোল অব উইমেন্স অরগানাইজেশন্স’ শীর্ষক প্রবন্ধের জন্য লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে এবং ‘বাংলা লোকাখ্যানে জেন্ডার: ঐতিহ্য ও পিতৃতান্ত্রিকতা’ শীর্ষক গ্রন্থের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোর্বারা সিদ্দিকা।
অন্যদিকে, ২০১৫ সালে ‘মেকানিজমস অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্সিয়াল টলারেন্স টু আয়রন ডেফিসিয়েন্সি ইন ওকরা’ শীর্ষক প্রবন্ধের জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমদ হুমায়ন কবির ইউজিসি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এই চার শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন।
/বিটি/








