ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় এক শিক্ষার্থীকে মারধর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের শাহ্ মখদুম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কিরণ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ফিরোজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শাহ্ মখদুম হলের ৩৩৭ নম্বর কক্ষে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছিলো বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখা। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ। ফিরোজকে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য বলে কামরুজ্জামান কিরণ। অনুষ্ঠানে যেতে অপরাগতা প্রকাশ করলে ফিরোজকে কথা-কাটাটির একপর্যায়ে চড়-থাপ্পড় মারে কিরণ।
এ ব্যাপারে ফিরোজ আহমেদ বলেন, ‘আগামীকাল শনিবার আমার টিউটেরিয়াল পরীক্ষা আছে। নোটপত্র ফটোকপির জন্য আমি হলের সামনে দোকানে যাই। এ সময় কামরুজ্জামান কিরণ এসে আমাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে আসতে বলে। কিন্তু পরীক্ষার কারণে আমি অনুষ্ঠানে যেতে অপারগতা প্রকাশ করি। তখন কিরণ আমাকে বলে, ‘আমাকে চিনিস?’ আমি না উত্তর দেওয়ায় সে আমাকে সবার সামনে থাপ্পড় মারে।’
মারধরের বিষয়টি স্বীকার করে কামরুজ্জামান কিরণ বলেন, ‘আমাকে না চেনার জন্য তাকে মেরেছি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কিরণের সঙ্গে ওই ছেলেটা খারাপ ব্যবহার করেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।’
/এমডিপি/








