রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘লিপু হত্যাকাণ্ডের আজ প্রায় এক মাস পূর্ণ হতে চললো। কিন্তু এ হত্যা মামলার দৃশ্যত কোনও অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।’ এসময় শিক্ষার্থীরা লিপু হত্যা মামলার দ্রুত অগ্রগতি ও সুষ্ঠু বিচার দাবি করেন। সেইসঙ্গে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে শিক্ষার্থীরা গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় লিপু হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে সরব হয়ে ওঠে প্রশাসন ভবন চত্বর।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘লিপুর রুমমেট মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কাজ চলছে। তবে হত্যা রহস্য উদঘাটনে একটু সময় লাগবে।’
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকালে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে।
আরও পড়ুন-
সুন্দরবনে ‘জলে দস্যু, ডাঙায়ও দস্যু’, অসহায় বনজীবীরা
/এফএস/








