নওগাঁর রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের এক মাস পর নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ।
এ সংক্রান্ত মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ প্রয়োজনীয় ফোর্স নিয়ে বুধবার গভীর রাতে নলডাঙ্গা থানার হলুদাকলসি গ্রাম থেকে অপহিৃতাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। মামলার তদন্তকারি কর্মকর্তা রাণীনগর থানার এসআই মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এসআই মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, মেয়েটি অপহরণ করার পর থেকেই আসামীরা তাকে বিভিন্ন জায়গায় আটক করে রাখে। বারবার স্থান পরিবর্তন করার কারণে আমাদের কয়েকটি অভিযানও ব্যর্থ হয়। অপহরণকারীদের মূলহোতা মালঞ্চি গ্রামের করিম সরদারের ছেলে সুমনকে (২৩) রিমান্ডে নেওয়ার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েটির সন্ধান দিলে নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় হলুদাকলসি গ্রামে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
/এইচকে/








