স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘স্বাস্থ্য সেবার সঙ্গে কোনও রাজনীতি নাই। এটা মানব ধর্ম। মানুষের সেবা করাই মানব ধর্ম। যারা চিকিৎসক হবেন, সাদা অ্যাপ্রোন পরবেন, তাদের কাজ হবে দায়িত্ব পালন করা। তারপর রাজনীতি করা।’ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খুব তাড়াতাড়ি রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হতে যাচ্ছে। রাজশাহী বাইপাস সড়কের কাছে একটি জায়গা আছে। সেখানে বহুল প্রতিক্ষীত রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।’
সভায় সন্ধানীর কেন্দ্রীয় সভাপতি জাহারুল হোসাইন খান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়া সভায় বক্তব্য দেন বিএমএ ও স্বাচিপের কেন্দ্রীয় সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব জয়নাল আবেদীন, সন্ধানী রাজশাহী মেডিক্যাল কলেজ ইউনিটের সভাপতি সালেহ আনজুম ও রাজশাহী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
/এমডিপি/








