পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারখানা মালিক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ এ অস্ত্র কারখানার সন্ধান পায়।
গ্রেফতারকৃত কারখানা মালিক অস্ত্র ব্যবসায়ী রেজাউল করিম ওই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জিহাদুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাবনা সদর থানার গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হয় এমন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে সেখানে যায় গোয়েন্দা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করা অবস্থায় রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার, লেদ মেশিন, টুল বক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে কারখানা মালিক অস্ত্র ব্যবসায়ী রেজাউল করিম সাংবাদিকদের জানান, ২০১০ সালে মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসে ভারত থেকে একটি অস্ত্র’র নমুনা সংগ্রহ করেন তিনি। তারপর সেই নমুনা মোতাবেক এই অস্ত্রগুলো তৈরি করা হয়।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, রেজাউল করিম দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে আসছিলেন। আমার জানা মতে পার্শ্ববর্তী জেলার লোকজন পাবনা থেকে অস্ত্র কিনে নিয়ে যায়। তিনি মূলত পেশাদার অস্ত্র তৈরির কারিগর। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
/বিটি/আপ-এআর/








