সিরাজগঞ্জে শনিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দুদিন ব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় সদর উপজেলার মালশাপাড়ায় যমুনা পাড়ে এরই মধ্যে জমায়েত হয়েছেন লক্ষাধিক মুসল্লি। প্রচণ্ড শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখনও আসছেন। শুক্রবার দুপুরে ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা।
সিরাজগঞ্জ জেলা মার্কাস মসজিদ ইজতেমার আয়োজন করলেও জেলা প্রশাসন, র্যাব-পুলিশ বাহিনী, জেলা স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য অধিদফতর ও পৌরসভা এটির সার্বিক সহযোগিতা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছসেবী কর্মীরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
ইজতেমার জিম্মাদার কর্তৃপক্ষের সদস্য শহাবুদ্দিন বলেন, দুদিনের জন্য এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
জিম্মাদার জেলা মার্কাস মসজিদের প্রধান মওলানা মোঃ আব্দুর রশিদ বলেন, এটি আঞ্চলিক বিশ্ব ইজতেমা হলেও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। শনিবার শুরু হয়ে রবিবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, ইজতেমায় সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশপাশি র্যাব সদস্যরাও দায়িত্বে থাকবেন।
সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান জানান, মুসল্লিদের জন্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
/এসটি/








