বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হয়েছে। পার্বতীপুর স্টেশনের যান্ত্রিক প্রকৌশলী (এমএই) মিজানুর রহমান সরদার ফিতা কেটে এর উদ্বোধন করেন। ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় সান্তাহার জংশন স্টেশন থেকে বুড়িমারি স্টেশনের উদ্দেশে রওনা হবে। সকাল ৯টা ২৯ মিনিটে বগুড়া স্টেশনে পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সান্তাহার জংশন স্টেশনের মাস্টার রেজাউল করিম ডালিম, সহকারী স্টেশন মাস্টার মাহাবুবা মৌসুমি, আমেনা খাতুন, জেটিআই হাবিবুর রহমান, জিআরপি থানার পরিদর্শক আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, এ ট্রেনটি নতুনভাবে চালু হওয়ায় সান্তাহার ও নওগাঁ এলাকার জনগণের অনেক সুবিধা হবে। এ এলাকার জনগণ অতি সহজে বগুড়া জেলা শহরে পৌঁছে অফিস-আদালতের কাজ করতে পারবেন। এর আগে করতোয়া ট্রেনটি সান্তাহার থেকে লালমনিহাট পর্যন্ত যাতায়াত করতো। বর্তমানে ট্রেনটি স্থলবন্দর বুড়িমারি পর্যন্ত যাতায়াত করবে।
সান্তাহার শহরের আইনজীবী শেখ কুদরত-ই-এলাহি কাজল বলেন, প্রতিদিন সকালে শত শত মানুষ তাদের নিত্য প্রয়োজনে বগুড়া যাতায়াত করে থাকেন। এতদিন সকালে ট্রেন না থাকায় জনগণকে বাসের ওপর নির্ভর করতে হতো। এখন করতোয়া ট্রেনটি চালু হওয়ায় মানুষের দুর্ভোগ লাঘব হবে।
আরও পড়ুন-
পহেলা বৈশাখের ঘটনায় চিহ্নিত ৮, অভিযুক্ত মাত্র একজন
/এফএস/








