রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
ইনস্টিটিউট এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টা থেকে ইনস্টিটিউটের আওতাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের চতুর্থ শ্রেণির দুটি কর্মচারী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে সকাল পৌনে ১০টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন নেতকার্মী ইনস্টিটিউটের পরিচালকের অফিসে যান। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ করে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বিভিন্ন বিভাগে ১৭টি প্রভাষক, একটি নিম্মমান সহকারী ও দুইটি সাধারণ কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ (২১ ডিসেম্বর) সাধারণ কর্মচারী ক্যাটাগরির প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের নির্ধারিত তারিখ ছিল।
ইনস্টিটিউটের পরিচালক ও রাবি স্কুল পরিচলনা পরিষদের সভাপতি অধ্যাপক আনসার উদ্দিন জানান, সাক্ষাৎকার চলাকালে কয়েকজন নেতকর্মী ভেতরে ঢুকে বলেন, আওয়ামী লীগের মহানগর নেতাদের সঙ্গে কথা না বলে সাক্ষাৎকার বোর্ড বসানো হয়েছে, তাই এটা বন্ধ করতে হবে। এরপর তারা কোনও সময় না দিয়েই হট্টগোল করে সাক্ষাৎকার বন্ধ করে দেন। সাক্ষাৎকার বিষয়ে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আনসার উদ্দিন।
জানতে চাইলে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘বয়সসীমাসহ কিছু শর্ত শিথিল করার দাবিতে আমরা সাক্ষাৎকার বোর্ড স্থগিত করার অনুরোধ করেছি। এছাড়া আমদের নির্যাতিত নেতকর্মীদের কোনও সুযাগ দেওয়া হবে না, এটা হতে পারে না।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, এ বিষয়ে নিয়োগ বোর্ড আলোচনা করে ব্যবস্থা নেবে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি কোনও হস্তক্ষেপ নেই। তবে ঘটনার বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:
শাবিপ্রবি বন্ধ থাকবে ৬ জানুয়ারি পর্যন্ত
/বিটি/








