রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু (৫২)। শনিবার রাতে উপজেলার হামিরকুৎসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মন্টু উপজেলার কালুপাড়া গ্রামের বাসিন্দা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মন্টু থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার নাম আছে ২১ নম্বরে। তার নামে থানায় দুটি মামলাও আছে। এর মধ্যে একটি মামলা হত্যার। এছাড়া অপহরণের একটি মামলায় মন্টুর সাজাও হয়েছিল। সাজা হওয়ার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছিলেন।
ওসি আরও জানান, মন্টু এলাকায় ফিরে জেএমবি সদস্যদের সংগঠিত করার কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
/এমডিপি/








