সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের সরকারী গোডাউন থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১০০০ কপি নতুন বই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতের কোনও এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা বাংলা ট্রিবিউনকে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিসের পাশের একটি সরকারি গোডাউনে নতুন বইগুলো রাখা হয়েছিল। রবিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য গোডাউনের তালা খোলার পর কক্ষের একটি জানালা ভাঙা অবস্থায় দেখা যায়। সন্দেহ হলে গোডাউনে রাখা বইগুলো গুনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮ম ও ৯ম শ্রেণীর ১ হাজার কপি বই কম পাওয়া যায়।
নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ধারণা করা হচ্ছে গোডাউনের জানালা ভেঙে দুর্বৃত্তরা ওই বইগুলো চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
/এইচকে/







