নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. একেএম ফজলে রাব্বী। গত ১২ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির জানান, নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারাম্যান পদে সাবেক প্রশাসক অ্যাড. একেএম ফজলে রাব্বী ছাড়াও রফিকুল ইসলাম নামে অপর এক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র যাছাই-বাছাইকালে রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে ওই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ফজলে রাব্বীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এছাড়া পাঁচটি সংরক্ষিত নারী সদস্য পদের মধ্যে চারটিতে (১,২,৪ ও ৫ নং ওয়ার্ড) ও সাধারণ সদস্য পদে ৯টিতে (১, ২, ৪, ৬, ৮, ৯, ১০, ১২ ও ১৩ নং ওয়ার্ড) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। ফলে ১নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে ও ৩,৫,৭,১১,১৪ ও ১৫নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
/এআর/








