বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতসহ তিনজন গ্রেফতার করা হয়েছে। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১টার দিকে শহরতলীর মানিকচকে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি ককটেল, একটি মোটরসাইকেল, ৪০ বোতল ফেনসিডিল ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৪ থেকে ৫টি করে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশি গ্রামের জসিম সরদার (৩৮), নরসিংদীর পিটিরচরের কামাল হোসেন (৩২) ও তাদের সহযোগী বগুড়ার বিক্রম (২৫)।
ওসি এমদাদ হোসেন আরও জানান, গ্রেফতার জসিম ও কামাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা সম্প্রতি বগুড়া শহরে নিউমার্কেটে আল-হাসান জুয়েলার্সে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা স্থানীয় অস্ত্রধারী বিক্রমের সহযোগিতায় শহরতলীর মানিকচকে একটি বাড়ি ভাড়া নেয়। রবিবার রাত সোয়া ১টার দিকে তিনজন ওই বাড়িতে মাদকের আসর বসায়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে গেলে গ্রেফতারকৃতরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে গেলে তাদের ওপরও গুলি চালানো হয়। পুলিশও পাল্টা জবাবে গুলি করলে জসিম ও কামাল আহত হয়। এরপর নেশাগ্রস্থ অবস্থায় বিক্রমসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলেও জানিয়েছেন তিনি।
/এমডিপি/








