আড়াই মাস আগে বাংলাদেশে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে মহদিপুর বিএসএফ’র মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ মার্চ) মানিকুল শেখ নামে ওই ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, গত বছরের ১৭ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন তেলীপাড়া এলাকায় চাটাই দিয়ে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্ত শেষে চাঁপাইবাবগঞ্জ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়।
পরে পুলিশ বিজিবি’র মাধ্যমে বিএসএফ’র কাছে নিশ্চিত হয় যে, মরদেহটি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওয়ানপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখের (৪২)।
পরে তার পরিবার মরদেহটি দূতাবাসের মাধ্যমে ফেরত চাইলে সদর হাসপাতালের হিমাগারে আড়াই মাস ধরে থাকা মানিকুলের মরদেহ সোনামসজিদ চেকপোস্ট দিয়ে বিএসএফ’র মাধ্যমে মহদিপুর ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার বেলা ১১টায় হস্তান্তর করা হয়।
মরদেহ গ্রহণ করেন মহদিপুর ইমিগ্রেশন পুলিশের আইসি দেবাশীষ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রটৌকল ও কল্যাণ অফিসার অরবিন্দ কুমার শ্রীবাস্তব, কনস্যুলার আশরাফ হোসেন ও বিএসএফ কোম্পানি কমান্ডার টিএস হ্যাংগেল।
বাংলাদেশের পক্ষে ছিলেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান, সোনামসজিদ কোম্পানী কমান্ডার আবু তাহের ও সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান।
/এআর/







