নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলকে ২৭ হাজার ২৪৯ ভোটে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সোমবার সোয়া ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ সময় বনপাড়া পৌর সভার মেয়র কেএম জাকির হোসেনসহ উভয় প্রার্থী, বিএনপি-আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ উপজেলায় মোট ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২৩ জন ভোটার। এর মধ্যে ৭৬২টি ব্যালট বাতিল করা হয়েছে। বাকি ১লাখ ৫ হাজার ৬৬১ ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৪৫৫ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ২৬ ভোট।
বড়াইগ্রাম উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটারের মধ্যে ১লাখ ৬ হাজার ৪২৩ জন ভোটার ৮১টি কেন্দ্রের ৫৪৪টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।
/এআর/








