কালবৈশাখী ঝড়ে রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২ মে) ভোড় সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫), রবিন (২৮), বাঘা উপজেলার খানপুরের আসাদুল (৪৫)। তারা মৌসুমি নৌকার মাঝি। অপর দুইজন হলেন দরগাপাড়ার শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তামিম (১০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আব্দুল আহাদ (১০)।
রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (সদর দফতর) সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, ‘পাঁচটি লাশ উদ্ধার করে বোয়ালিয়া ও মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের মাধ্যমে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মার নদীর তালাইমারির জাহাজঘাট এলাকায় চারটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়া বাকি একজন আসাদুলের লাশ চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে উদ্ধার করা হয়।’
রাজশাহী নগরীর জামিয়া ইসলামিয়া শাহমখুদম মাদ্রাসার অধ্যক্ষ শাহাদত আলী জানান, তামিম ও আহাদ আলী তার মাদ্রাসার শিক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) বিকালে তারা দুইজন পবার চর খিদিরপুরে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখান থেকে নৌকায় করে মাদ্রাসায় ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তখন থেকে তারা নিখোঁজ ছিল। এই ঘটনার পরে ওই দিনই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
প্রসঙ্গত, রবিবার (৩০ এপ্রিল) রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে সাতজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে পাঁজন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়।
/এআর/








