বগুড়া পৌরসভায় বসতবাটিসহ বিভিন্ন খাতে প্রায় তিন কোটি টাকা কর আরোপ করে ২০১৭-১৮ অর্থবছরে সাড়ে ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ১০ জুন দুপুরে পৌর মিলনায়তনে মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান বাজেট ঘোষণা করেন।
আয়ের খাতে ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন কর ১২ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৫ কোটি ২ লাখ ২০ হাজার টাকা করেছেন মেয়র। রাজস্ব খাতে উপাংশ-০১ (রাজস্ব) ১৬ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ৮৩৯ টাকা থেকে বৃদ্ধি করে ২৪ কোটি ৫৭ লাখ ২১ হাজার করা হয়েছে। উপাংশ-০২ (পানি) ৩৪ কোটি ৮৩ লাখ ৬৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে সাড়ে ৪৯ কোটি।
উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৬০ লাখ থেকে বৃদ্ধি করা হয়েছে ১ কোটি ৬০ লাখে। নতুন করে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড সাড়ে ১০ কোটি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড করা হয়েছে ৫ কোটি টাকা। এছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫০ লাখ থেকে করা হয়েছে দ্বিগুণ।
অন্যদিকে ব্যয় খাতে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ১৯ লাখ ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে তিন গুণ। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, উৎসব ও বিনোদন ভাতা বাড়ানো হয়েছে সামান্য। শিক্ষা ও খেলায় বাজেট বাড়েনি। তবে শহরের চেলোপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনে বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
মেয়র বলেন, ‘পৌর এলাকার সব রাস্তা কার্পেটিং, সোলিং ও সিসি রাস্তায় পরিণত করতে প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন। অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। রাজস্ব বৃদ্ধির লক্ষে পৌরসভার বাজারগুলোর অধিকাংশ দোকানের ভাড়া বৃদ্ধি করায় ব্যবসায়ীরা ভাড়া পরিশোধ করছেন না। ১৫ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে ফিরে যাচ্ছে।’
বগুড়াকে বাস্তবিকপক্ষে দৃষ্টিনন্দন, যানজটমুক্ত, পরিকল্পিত শিল্প ও আবাসিক এলাকা নির্মাণ, মাদকমুক্ত শহর গঠনে পৌরবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মেয়র। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এখানে অন্যান্যের মধ্যে ছিলেন প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, ইব্রাহিম হোসেন, মোস্তাকিম, আরিফুর রহমান আরিফ, হোসনে আরা হাসি, মারজিয়া হাসান প্রমুখ।
/জেএইচ/








