দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট আমলে নিয়েছেন আদালত। দীর্ঘ ৪২ দিন পর মঙ্গলবার (১৩ জুন) সকালে শিমুলের স্ত্রীর উপস্থিতিতে শাহজাদপুরের আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক চার্জশিটটি আমলে নেন।
শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার চার্জশিটের বিরুদ্ধে নারাজি হওয়ার কারণে তা আমলে নেন বিচারক। চার্জশিট আমলে নেওয়ার পর বিচারক এ মামলার পলাতক ২৪ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। পরবর্তী শুনানি আগামী ১০ জুলাইয়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
শাহজাদপুর থানার জেনারেল রেকর্ড কিপার (জিআরও) মো. আতাউর রহমান চার্জশিট বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সাংবাদিক শিমুল হত্যা মামলার ২ নং আসামি মেয়রের ভাই মিন্টু, ৮ নং আসামি দুলাল হোসেন ও ৩৮ নং আসামি মো. আলমগীর, যারা এরই মধ্যে উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, তারা একই সময়ে ওই আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। এ মামলায় এরই মধ্যে মেয়র মিরুসহ ১১ জন সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। মেয়রের ভাই মিন্টুসহ বাকি ৩ জন জামিনে ছাড়া পেয়েছেন।
প্রসঙ্গত, শাহজাদপুরে মেয়র মিরুর বাড়ির সামনে গত ২ ফ্রেব্রুয়ারি সরকারি দলীয় লোকজনের সঙ্গে মেয়র মিরুর সহোদর হাবিবুল হক মিন্টু ও হাসিবুল হক পিন্টুর সঙ্গে উপজেলা ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর ছোড়া গুলিতে আহত হন সমকাল সাংবাদিক শিমুল। আহত অবস্থায় উদ্ধারের পর বগুড়া শজিমেক হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে ঘটনার পরদিন মারা যান তিনি। শিমুলের স্ত্রী এ ঘটনায় মিরু ও সহোদর মিন্টুসহ ৪০/৪২ জনের নামে মামলা করেন। পুলিশ দীর্ঘ ৩ মাস পর গত ২ মে আদালতে মেয়র মিরু ও ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
/এআর/








