রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এলিনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ জুলাই) ভোরে উপজেলার মুরারিপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী মাসুম আলীকে (২৮) আটক করেছে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাসুম। তবে কারণ জানাননি। থানায় নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলিনার ভাই বাদী হয়ে মামলা করবেন। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে নেওয়া হচ্ছে।
এলিনা বেগমের পরিবারের দাবি, বছর তিনেক আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মাসুমের। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আটকের আগে গৃহবধূর স্বামী মাসুম আলী দাবি করেন, রাতে তারা স্বামী-স্ত্রী একসঙ্গেই ঘুমাতে যান। কিন্তু ভোর ৫টার দিকে বিছানায় তিনি স্ত্রীর মরদেহ দেখেন। তখনই বিষয়টি তিনি পরিবারের সদস্য ও শ্বশুর বাড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে নিহত এলিনা বেগমের মা ছবি আরা বেওয়া দাবি করে আসছিলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই এলিনার ওপর নির্যাতন চালাতেন মাসুম। তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
/এআর/








