ইয়াবা সেবনের সময় হাতে-নাতে ধরা পড়ায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত এক এএসআইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ জানান, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় কয়েকজন সহযোগীর সঙ্গে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজনকে ধরে ফেলে। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি ওই এএসআইকে সদর মডেল থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এএসআই ফয়সাল আহমেদকে সোমবার চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এমন অপকর্মের সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জেলা শহরের একটি বিপনী বিতাণে মোটরসাইকেল চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সঙ্গে এই পুলিশ কর্মকর্তার সম্পৃক্তার তথ্য পাওয়া যায়।
/জেবি/
আরও পড়তে পারেন: জনগণ আর খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না: ওবায়দুল কাদের








