সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ২৪ আসামির মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ আদেশ দেন শাহজাদপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক। সোমবার (১০ জুলাই) শিমুল হত্যা মামলার শুনানির ধার্যকৃত তারিখ ছিল। মামলার পরবর্তী তারিখ আগামী ২২ আগস্ট। এসময় ওই মামলার জারিকৃত আদেশ কার্যকর করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে আদেশ দেন আদালত।
এসময় উচ্চ আদালত থেকে জামিনে থাকা মামলার চার্জশিটভুক্ত আসামি মেয়র মিরুর সহোদর হাসিবুল হক মিন্টু, সহযোগী দুলাল হোসেন, আলমগীর হোসেন ও জহির উদ্দিন আদালতে হাজিরা দেন। শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুরে শাহজাদপুরে আলোচিত পৌর মেয়র (বর্তমানে সাময়িকভাবে বহিষ্কৃত) হালিমুল হক মিরুর ভাইদের সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয়সহ আওয়ামী লীগের অন্য একটি পক্ষের মারামারির খবর সংগ্রহ করতে যান সাংবাদিক শিমুল। এসময় মেয়র মিরুর ছোড়া গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২২ জনের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি মামলা করেন। পুলিশ দীর্ঘ ৩ মাস তদন্তের পর গত ২ মে ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলাটি ১৩ জুন আমলে নেন আদালত।
/জেবি/
আরও পড়তে পারেন: যমুনা নদীর পানি বিপদ সীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত








