রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দ্য ডেইলি স্টারের সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০জুলাই) রাত ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক আরাফাত বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছে মারধরে জড়িত চার ছাত্রলীগ নেতাকে।
মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে জানান, সাংবাদিক আরাফাতকে মারধরের ঘটনায় রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবনসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলস-এর বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতারা। একপর্যায়ে আরাফাতকে বেধড়ক মারধর করেন তারা। পরে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
/এআর/








