রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেপরোয়া গতিতে চলা গাড়ির চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ ধরনের অভিযানে কয়েকজনকে আটকও করা হয়েছে। এর মধ্যে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বাকিদের মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রক্টর ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ‘দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অভিযান চালানো হয়েছে। এটি অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন ‘অভিযান চলাকালে দ্রুতগতিতে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত স্টিকার না থাকার কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে পুলিশ বহিরাগত একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’
মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসন যৌথভাবে ক্যাম্পাসে অভিযান চালিয়েছে। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও দ্রুতগতিতে বাইক চালানোর দায়ে একজনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন- রাজধানীতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রতিদিন ১৬২ মামলা








