সিরাজগঞ্জের বেলকুচিতে মাহমুদুল হাসান (২৮) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বেলকুচি উপজেলার সাগরিকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
বেলকুচি থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম, শরীফুল ইসলাম, শামীম আহম্মেদ, জুলাহাস আহম্মেদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ, আব্দুল মতিন ও আবু বকর সিদ্দীক মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে অভিযানে যান। তারা মুকুন্দগাঁতী মহল্লায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে মোটরসাইকেলে করে হাসানকে বেলকুচি থানায় আনা হচ্ছিলো। উপ-পরিদর্শক শরীফ একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাঝখানে আসামি হাসানকে বসিয়ে পেছনে উপ-পরিদর্শক আলীম ছিলেন। তারা বেলকুচি থানার অদূরে সাগরিকা সিনেমা হলের কাছে পৌঁছালে আসামি হাসান এসআই আলীমের নাকে ঘুষি মেরে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় হাসান লাফ দিয়ে হাতকড়াসহ খাল সাঁতরে পালিয়ে যায়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘হাসানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।’








