রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারি গ্রামে পানিতে ডুবে রাকিব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় রাকিবের জমজ ভাই শাকিব হোসেনকে (১২) পুকুর থেকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আলী মাহমুদ জানান, রাকিব ও শাকিব বাঘা উপজেলার চকছাতারি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে দুইজনই ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পাল রাকিবকে মৃত ঘোষণা করেন। এরপর মূমুর্ষূ অবস্থায় শাকিবকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু








