বগুড়া শহরের কলোনি এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তরা আবু সাঈদ (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। সদর থানার ওসি এমদাদ হোসেন বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলে এক বন্ধু তাকে হত্যা করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার আবু সাঈদের বাড়ি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কলোনি এলাকায় স্বচ্ছ ক্লিনিকের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় ও ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে। সাঈদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি জানান, পূর্ব বিরোধের জের ধরে এক বন্ধু সাঈদকে চাপাতি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। গ্রেফতারের আগে ঘাতকের নাম প্রকাশ করা যাবে না। এ হত্যাকাণ্ডের ঘটনায় কলোনি এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানিয়েছেন, সাঈদ নামে কোনও যুবলীগ কর্মী নেই।








