নাটোরে বিয়ের সাত দিনের মাথায় জাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীসহ দুই জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে ও জাহানারার স্বামী আব্দুস সালাম মোল্লা ও একই গ্রামের ফরমান আলী ওরফে সেকেন্দারের ছেলে সাইফুল ইসলাম। তবে রিপোর্ট লিখা পর্যন্ত আসামি সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
নাটোর জজকোর্টের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম ও মামলা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নূরপুর গ্রামের আবু তালেবের মেয়ে জাহানারার সঙ্গে ২০০৪ সালের ২৫ নভেম্বর পাশের ধুলিয়াডাঙ্গা গ্রামের সালাম মোল্লার বিয়ে হয়। বিয়ের সাত দিনের মাথায় ১ ডিসেম্বর রাত ১১টায় আফসার আলীর পুকুরের পাশের জমিতে আসামিরা জাহানারাকে হত্যা করে লাশটি পাশের সাত্তারের পুকুরে ফেলে দেয়। পরের দিন পুলিশ জাহানারার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা আবু তালেব বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার আইও এসআই ক্ষিতিশ কুমার চার্জশিট দাখিল করেন।
শুনানি শেষে আদালত সালাম মোল্লা ও সাইফুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাড. আব্দুল হাই এবং আসামিপক্ষে অ্যাড. আমজাদ হোসেন ও এড. নাজমুল শুনানিতে অংশগ্রহণ করেন।
কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মন্ডল রায় জানান, আসামি সালাম মোল্লা গ্রেফতার থাকলেও সাইফুল ইসলাম পলাতক রয়েছে।








