সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বহিষ্কৃত পৌর মেয়র হালিমুল হক মিরুর ভাই হাবিবুল হক মিন্টুসহ ২৯ আসামি শাহজাদপুর আমলি আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। আদালতের বিচারক মো. হাসিবুল হক মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের নিয়মিত হাজিরা গ্রহণ করেন। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক।
এ মামলার প্রধান আসামি মিরু বর্তমানে জেলা কারাগারে থাকলেও তার সহোদর মিন্টুসহ ২৯ জন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
অন্যদিকে, মেয়র মিরুর স্ত্রী জেবুন্নেসার দায়ের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অপর মামলার জুডিশিয়াল তদন্তের সাক্ষ্যগ্রহণ করেন একই আদালত। শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশের ব্যাপক নিরাপত্তার কারণে মিন্টু ও তার লোকজন গত শুনানির দিনের মতো বিশৃঙ্খলা করার সুযোগ পায়নি।
অন্যদিকে, উচ্চ আদালত থেকে এ মামলায় জামিন পাওয়া সাত আসামি সোমবার বিকালে শাহজাদপুর পৌর এলাকায় মিন্টুর নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়া উৎকণ্ঠায় পড়েছেন শাহজাদপুরবাসী।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রয়াত সাংবাদিক শিমুলের সহকর্মী বিমল কুমার কুণ্ডু বলেন, ‘বিষয়টি একদিকে যেমন উদ্বেগের, অন্যদিকে লজ্জার।’
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, ‘বিষয়টি আমরা অবগত না। মঙ্গলবার হাজিরার জন্য সকাল থেকেই আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল।’
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মেয়রের বাড়িতে আটকে মারধরের ঘটনায় মিরু ও তার ভাই মিন্টু ও পিন্টুর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষ বাধে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল মেয়র মিরুর ছোড়া শটগানের গুলিতে আহত হয়ে পরদিন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মামলা করলে পুলিশ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মিরুসহ ৩০ জন গ্রেফতার হলেও এখন পলাতক আট জন।








