দীর্ঘ ১৫ বছর পর রাজশাহী রেশম কারখানার একটি লুমে পরীক্ষামূলকভাবে কাপড় উৎপাদন শুরু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে কারখানার একটি লুমে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা কাপড় উৎপাদনের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি এমপি ফজলে হোসেন বাদশা রেশম কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ লুমগুলো চালুর উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর শুরু হয় পুরনো লুমগুলো মেরামতের কাজ। কারখানায় বর্তমানে মোট ৬৩টি লুম আছে।
জানা গেছে, মূলধন না থাকার অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর তৎকালীন বিএনপি সরকার কারখানাটি বন্ধ ঘোষণা করে। সেদিনের পর কারখানার লুমের চাকা ঘোরেনি। বন্ধ করার আগে কারখানায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। বন্ধের পর সব শ্রমিক বেকার হয়ে পড়েন। তাদের মধ্যে যারা এখনও কাজ করতে পারেন, তাদের কারখানায় কাজের সুযোগ দেওয়া হবে। লুমগুলো চালুর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে এসব কর্মীদের ডাকা হবে। আগামী দেড় মাসের ভেতর কারখানার অন্তত পাঁচটি লুম চালু করা হবে। পর্যায়ক্রমে কারখানার সব লুমই চালু করা হবে।
প্রসঙ্গত, রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। বন্ধের আগে কারখানাটিতে বছরে ১ লাখ ৬ হাজার মিটার রেশম কাপড় উৎপাদন হতো।








