বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বিদ্যমান আইন প্রয়োগের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘আমাকে প্রতি দিন পাঁচটি করে বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করতে হয়। এর কারণ বাল্যবিয়ে। বস্তা পচা শিক্ষাব্যবস্থা, কুসংস্কার এবং সামাজিক মূল্যবোধের অভাবে সমাজে বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না।’
রবিবার বিকালে বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)এ মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী নগরীর সাগরপাড়ায় এসিডির প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
মেয়র বুলবুল বলেন, ‘শিক্ষা ব্যবস্থার উপকরণের মূল্য ও দরিদ্রতার কারণে অভিভাবকরা তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। শুধু তাই নয়, কাজীরা তাদের নকল রেজিস্ট্রি খাতায় বিয়ের কাজ সম্পন্ন করে। পরে প্রাপ্ত বয়স হওয়ার পর আসল রেজিস্ট্রি খাতায় আবার বিয়ের স্বাক্ষর নেওয়া হয়। এরমধ্যে ছেলেমেয়ের অপূর্ণতায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। সিটি করপোরেশন থেকে বাল্যবিয়ে রোধ করার জন্য জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। তারপরও কৌশল করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এজন্য আইনের বাস্তবায়ন আরও কঠোরভাবে করা উচিত।’
এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন অনুষ্ঠানে সঞ্চালনা করেন। প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম পায়েলের উপস্থাপনায় মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব,৩ নম্বর প্যানেল মেয়র নূরুন্নাহার বেগম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বক্তব্য রাখেন।








