বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে দুটি গভীরভাবে সম্পর্কিত। নারীর ক্ষমতায়ন বাল্যবিয়ে রোধে বড় ভূমিকা পালন করতে পারে। তবে এক্ষেত্রে মা-বোনদের সবার আগে এগিয়ে আসতে হবে। তারা নিজেরা সচেতন হলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব হবে। দেশের অর্ধেক নারী। তাই এদের উন্নয়ন রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের সরকারি আকবর আলী কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে রোধ’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘বাল্যবিয়ে রোধে প্রয়োজন নারী শিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। একই সঙ্গে মাতৃ মৃত্যুরোধে দেশের গ্রামাঞ্চলে এই সরকারের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বড় ভূমিকা পালন করছে। এসব সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বাল্যবিয়ে রোধে উল্লেখ্যযোগ্য অবদান রাখছে। ছেলেদের পাশাপাশি মেয়েরা আজ পড়ালেখায় এগিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘নারীদেরকে স্বাবলম্বী করতে শেখ হাসিনার সরকার সেলাই প্রশিক্ষণসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নারীরা যেমন প্রতিষ্ঠিত হবে, সেই সঙ্গে সরকারের ২০২০-২০২১ রূপকল্প বাস্তবায়িত হবে।’
ড. শিরীন শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পথ চলছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে বাল্য বিয়ে বিষয়ে সবাইকে এক বাক্যে ‘না’ বলার প্রত্যয়ী হতে আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সিরাজগঞ্জ ও পাবনার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, নারী নেত্রী মাহিন ইমাম, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রিবলী ইসলাম কবিতা ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি সাহাসহ আরও অনেকে।







