বগুড়ার শাজাহানপুরে ৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ৮৯ জন গ্রাম পুলিশ সদস্য। সোমবার দুপুরে তারা মাঝিরাবন্দর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল রবিবারও তারা কাজ বন্ধ রেখে বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।
গ্রাম পুলিশ সদস্যদের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আগামীকাল মঙ্গলবার ৪ মাসের বেতন-ভাতা দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে মঙ্গলবার টাকা না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম-পুলিশ সদস্যরা।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আগামীকাল মঙ্গলবার গ্রাম পুলিশদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে।
গ্রাম পুলিশ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার নভেম্বর পর্যন্ত তাদের ৪ মাসের বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসে তারা কাজে যোগ দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।
গ্রাম পুলিশ সূত্র জানায়, দফাদাররা মাসে ৩ হাজার ৪০০ টাকা এবং গ্রাম পুলিশ ৩ হাজার টাকা বেতন-ভাতা পান। এ বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ এবং অর্ধেক উপজেলা পরিষদ থেকে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দফাদার ও গ্রাম পুলিশ বেতনের সঙ্গে থানা হাজিরার ১ হাজার ২০০ টাকা এবং ঈদ-পুজোয় বেতনের সমপরিমাণ উৎসব ভাতা উপজেলা পরিষদ থেকে পান। নানা অজুহাতে উপজেলা পরিষদ থেকে ডিসেম্বরসহ গত ৫ মাস তাদের বেতন দেওয়া হয়নি। এতে ৮৯ জন গ্রাম পুলিশ পরিবার মানবেতর জীবনযাপন করছেন।








